শেরপুর প্রেসক্লাবের একাংশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো: মারুফুর রহমান, শেরপুর: ৮ মার্চ ২০২৬
শেরপুর প্রেসক্লাবের একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে শহরের জি-সেভেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় সাংবাদিকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
শেরপুর প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এর সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
ওই সময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, আবু হানিফ নোমান, মো. হারুন অর রশীদ হারুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ঐক্যের ভিত্তিতে শেরপুর প্রেসক্লাব একটি প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে ৫ আগস্টের পর সাংবাদিকদের একটি গ্রুপ বিনা নির্বাচনে ও নিয়মবহির্ভূতভাবে শেরপুর প্রেসক্লাব দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় প্রেসক্লাবের একাংশের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেরপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিকদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা করেন তারা।
