সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক; বিদেশ সফর নিয়ে প্রশ্ন
সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বন্ধক রাখা সম্পত্তি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রকৃত মূল্যের তুলনায় কম দামে নিলামে বিক্রি দেখিয়ে এ অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এদিকে, দুদকের অনুসন্ধান চলাকালেই মাসরুর আরেফিনের মিসরের রাজধানী কায়রো সফরের সময়সূচি সামনে এসেছে। ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২২ নভেম্বর দাপ্তরিক কাজে তাঁর কায়রো যাওয়ার কথা এবং ৩০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের সহকারী পরিচালক বিষাণ যোষকে। গত ৯ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠান। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে কমিশন।
অভিযোগকারী এ ঘটনায় একই আদালতে সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনাও রয়েছে।
মাসরুর আরেফিনের কায়রো সফরের বিষয়ে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, সফরটি পূর্বনির্ধারিত ও অনুমোদিত দাপ্তরিক সফর। ২২ নভেম্বর কায়রো যাওয়ার পর ৩০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দুদকও সফরের বিষয়টি অবগত বলে দাবি করেছেন তিনি।
তবে মাসরুর আরেফিনের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মাসরুর আরেফিনের ব্যক্তিগত বক্তব্যও পাওয়া যায়নি।
অন্যদিকে, অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। ইয়াহিয়া মির্জার ভাষ্য, সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানগুলো ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় বন্ধকি সম্পত্তি নিলাম করা হয়েছে।
ব্যাংকের দাবি, স্বীকৃত মূল্যায়নকারীর নির্ধারিত হিসাবে সম্পত্তির বাজারমূল্য ছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা। পরে নিলামে তা ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। দুদকের অনুসন্ধানে ব্যাংক পূর্ণ সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া, সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজার-সংশ্লিষ্ট অভিযোগে পৃথক অনুসন্ধান করছে দুদক।
দুদকের অনুসন্ধান চলাকালে ব্যাংকের এমডির বিদেশ সফরের বিষয়টি সামনে আসায় তাঁর নির্ধারিত সময়ে দেশে ফেরা এবং অনুসন্ধান কার্যক্রমে সহযোগিতার বিষয়টি নিয়ে সচেতন মহলের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, দুদকের অনুসন্ধান চলাকালে এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিদেশ সফর গ্রহণযোগ্য নয়।
তাঁদের আশঙ্কা, তিনি বিদেশ সফরে গিয়ে নির্ধারিত সময়ে দেশে না ফিরলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
তবে মাসরুর আরেফিন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বা দেশে ফিরবেন না- এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ৩০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে।
