শেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেলেন ফরিদা খানম

স্টাফ রিপোর্টার
বুধ, 22.04.2026 - 09:09 PM
Share icon
Image

মো: মারুফুর রহমান: শেরপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফরিদা খানম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়েছে।

ফরিদা খানম ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ফুলপুরে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনের পর তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জনসেবামুখী কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন বলে সংশ্লিষ্টরা জানান।

সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে কঠোরতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে তিনি প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে সক্ষম হন। এ কারণে তার কর্মকাণ্ড বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

এদিকে শেরপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে তার পদায়নকে ইতিবাচকভাবে দেখছেন জেলার সচেতন মহল। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ হবে।

নতুন দায়িত্বে তিনি শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব সেবা প্রদানকে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share icon