অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে অভিযান, শেরপুরে চক্রের সদস্য আটক
শেরপুরে নীরবে বিস্তার লাভ করছে অনলাইন জুয়ার নেটওয়ার্ক। হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন, বিভিন্ন অ্যাপ ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে গড়ে উঠছে অদৃশ্য এক জুয়ার সাম্রাজ্য। সহজে লাভের প্রলোভনে তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িয়ে পড়ছে এ ফাঁদে, যা ক্রমেই সামাজিক উদ্বেগের কারণ হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) দিবাগত রাতে শহরের আখের মাহমুদ বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলী (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে শেরপুর সদর ও শ্রীবরদীসহ আশপাশের এলাকায় অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে একটি সংঘবদ্ধ চক্রের হয়ে কাজ করতেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপ সংবলিত একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, চক্রটি নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে প্রথমে ছোট অঙ্কের লাভ দেখিয়ে প্রলোভিত করে। পরে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়। এতে অনেক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়ছে, বাড়ছে পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতা।
স্থানীয় সচেতন মহল বলছে, শেরপুরে অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তার লাভ করে সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
