শেরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
শেরপুরে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান এবং ছাত্রলীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী মো. উজ্জ্বল মিয়া (২৬)।
শহিদুল ইসলাম ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার আঃ জলিলের ছেলে। রোমান খান সদর উপজেলার সাপমারি ইমামবাড়ি এলাকার দুলাল আহমেদের ছেলে। অপরদিকে, উজ্জ্বল মিয়া সদর উপজেলার যোগিনীবাগ গ্রামের আতাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া নামাপাড়া এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রোমান খানকে। ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়াকেও পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মী উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
