শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার
জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে শেরপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে ঢাকা ভিত্তিক ইট্টু এডুকেশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। ইট্টু এডুকেশনের ম্যানেজার মো. সানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাপানের টোকিও ফরেন ল্যাংগুয়েজ কলেজের ব্যবস্থাপক শুচিরু মিমুরা।
ওই সময় বক্তব্য দেন ইট্টু এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
সেমিনারে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, শিক্ষাজীবনের বিভিন্ন দিক, ক্যারিয়ারের সম্ভাবনা এবং জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলে প্রধান অতিথি সেগুলোর উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ওই সময় আয়োজকরা জানান, আগামী আগস্ট থেকে শেরপুরে ছয় মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এতে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি এইচএসসি পাস যে কোনো তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির দাবি, ২০১৭ সাল থেকে তারা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জাপানে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে আসছে।
এ পর্যন্ত তাদের মাধ্যমে ৩৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির ব্যবস্থাও করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়।
