বাল্যবিবাহ প্রতিরোধে দুই নারী খেলোয়াড়ের পাশে শেরপুর জেলা প্রশাসন
বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীদের খেলাধুলায় উৎসাহ দিতে শেরপুরে দুই প্রতিভাবান নারী খেলোয়াড়কে বাইসাইকেল উপহার দিয়েছে শেরপুর জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখলা ছনকান্দা গ্রামের আশা মনি ও মরিয়ম আক্তারের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে তারা দীর্ঘদিন ধরে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে শেরপুর স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্সের অনুশীলন করতেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তাদের খোঁজখবর নিয়ে সাইকেল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আরিফ হোসেন, ফুটবল প্রশিক্ষক বসাকসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশা মনি ফুটবলে এবং মরিয়ম আক্তার অ্যাথলেটিক্সে প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছেন।
