শ্রীবরদী সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
মোহাম্মদ দুধু মল্লিক
শুক্র, 02.10.2026 - 09:39 PM
Image
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তা জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানা যায়নি।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
