শেরপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৫ জন
মারুফুর রহমান, শেরপুর: শেরপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন।
নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা ও নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের টিআরসি নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
সোমবার (১৮ মে) রাত ৮টা ৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি এ. কে. এম. জহিরুল ইসলাম।
লিখিত, শারীরিক, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে পুলিশ সুপার নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
এছাড়া শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার ২৫টি শূন্য পদের বিপরীতে প্রাথমিকভাবে ২,১৯২ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তী ধাপে ৩৯৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৮৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্তভাবে ৩ জন নারী ও ২২ জন পুরুষসহ মোট ২৫ জন প্রার্থী নিয়োগের জন্য নির্বাচিত হন। আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
