কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে নালিতাবাড়ীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদল।
শনিবার (২৭ জুন) পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাসপাতাল রোড, মধ্যবাজার ও কামারপট্টিসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও যুবনেতা শওকত হোসেন বলেন, "জুলাইয়ের আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের দোসররা দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে।" তিনি আরও বলেন, "যে কারও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে।"
শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী (আসিফ) বলেন, "নালিতাবাড়ী তথা শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের অপতৎপরতা দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।"
সমাবেশে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাপ্পু, যুগ্ম আহ্বায়ক শাকিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, যুগ্ম আহ্বায়ক অনিক, সানি ও রাব্বি, পৌর ছাত্রদল নেতা স্বপন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
