শেরপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 11.08.2026 - 01:36 PM
Share icon
Image

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদী থানার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রুহুল আমীন ওরফে মানিককে (৩৪) ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১০ আগস্ট) রাতে র‌্যাব-১৪, জামালপুরের সিপিসি-১-এর একটি আভিযানিক দল র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহযোগিতায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার রুহুল আমীন ওরফে মানিক শেরপুরের শ্রীবরদী থানার সিআর মামলা নং-৩১০/২৫-এর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা ওই মামলায় তার এক বছরের সাজা হয়েছে।

গ্রেফতার রুহুল আমীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্রাফিল হোসেন আকন্দের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share icon