শেরপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লছমনপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত চন্দ্র দে (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শেরপুর পৌরসভার নয়ানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার রঞ্জিত চন্দ্র দে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মৃত নরেশ চন্দ্র দে ও রেখা রানী দের ছেলে।
পুলিশ জানায়, শেরপুর সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ১৩ নম্বর মামলায় রঞ্জিত চন্দ্র দে এজাহারভুক্ত আসামি। মামলাটি গত বছরের ২ নভেম্বরের একটি মিছিল ও বিক্ষোভের ঘটনায় দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রঞ্জিত চন্দ্র দেসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র, রামদা, হকি স্টিক, বাঁশের লাঠি ও ইট-পাটকেল নিয়ে বেআইনিভাবে সংঘবদ্ধ হন। পরে তারা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক সিদ্দিকী বলেন, মামলার ঘটনার সঙ্গে রঞ্জিত চন্দ্র দের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় রঞ্জিত চন্দ্র দেকে গ্রেপ্তার করা হয়েছে।
