শেরপুরে যানবাহনের রোড ফি কমানোর দাবিতে মালিকদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
সোম, 07.09.2026 - 03:48 PM
Share icon
Image

শেরপুর পৌরসভার আওতায় ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের রোড নিবন্ধন ফি কমানোসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন এসব যানবাহনের মালিকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পৌরসভায় যানবাহনের রোড নিবন্ধনের জন্য নির্ধারিত ফি মালিকদের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে মালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নিবন্ধন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানান তারা।

পাশাপাশি শহরে অনিবন্ধিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপনের দাবি জানানো হয়। এসব চেকপোস্টে যানবাহনের নিবন্ধন যাচাই এবং বৈধ গাড়ির সিরিয়াল পর্যবেক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন বক্তারা।
তাদের মতে, নিয়মিতভাবে যানবাহনের নিবন্ধন যাচাই করা হলে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি শহরের পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আরও বাড়বে।

পরে দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

Share icon