শেরপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে রাশেদুল ইসলামকে ১৫ দিনের, তাকবীরকে এক মাসের এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডাদেশের পর ওই রাতেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
